প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
বিশ্ববাজারে বড় দরপতন, দেশের বাজারেও কমেছে সোনার দাম
মোঃ রফিকুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
টানা তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম। টানা এই পতনে এখন আউন্স প্রতি চার হাজার ডলারের নিচে অবস্থান করছে মূল্যবান ধাতুটির দাম। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৩ হাজার ৯৮২.৪৯ ডলারে। একই সময়ে আগস্টে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭.৬০ ডলারে দাঁড়িয়েছে।ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস রয়টার্সকে বলেন, ‘ফেডের কড়া নীতিগত অবস্থান এবং এর ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাই মূলত সোনার দরপতনের পেছনে বড় ভূমিকা রাখছে।’ গত সপ্তাহে ফেডের বৈঠকের পর থেকে সোনার দাম ৬ শতাংশেরও বেশি কমেছে। সবশেষ বুধবার (২৪ জুন) প্রথমবারের মতো গত বছরের নভেম্বরের পর সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।সোনার পাশাপাশি পতন দেখা গেছে রুপা আর প্লাটিনামের দামেও। এর মধ্যে রুপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৫৭.২৬ ডলারে নেমে এসেছে। এছাড়া, প্লাটিনামের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭১.৯৫ ডলার।এদিকে দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন পাওয়া যাচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল