প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক ||
দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। চলতি বছরের বর্ষা মৌসুমের পরপরই এই নির্বাচনী প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। আজ সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতিবিষয়ক এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের জোরালো সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার মধ্য দিয়ে সর্বোচ্চ এক বছরের মধ্যে সমগ্র নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে।নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা ও নীতিমালার বিষয়ে ডা. জাহেদ উর রহমান স্পষ্ট জানান, অতীতে কেউ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করলেও তিনি যদি কোনো অপরাধ বা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকেন এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকে, তবে তিনি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে এই নির্বাচনে কোনো ধরনের দলীয় ব্যানার, প্রতীক বা রাজনৈতিক স্লোগান ব্যবহার করা যাবে না। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ব্যক্তি অপরাধী হলে তাঁকে অবশ্যই দেশের প্রচলিত আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে হবে।ব্রিফিংয়ে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন খাতের সামষ্টিক অগ্রগতিও বিস্তারিতভাবে তুলে ধরা হয়। দেশের ৬৪টি জেলাকে সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় আনার নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরসহ ১০টি জেলায় নতুন রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে আগামী ১ আগস্ট থেকে প্রতিটি গণপরিবহনে জিপিএস (GPS) ট্র্যাকিং সিস্টেম সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হচ্ছে।দেশের খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা জানান, গত ২১ জুন পর্যন্ত সরকারি গুদামে রেকর্ড ২১ লাখ ২১ হাজার ৫৯৮ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা দেশের প্রমিত নিরাপদ সীমার চেয়ে প্রায় ৭ লাখ টন বেশি। অন্যদিকে, সদ্য সমাপ্ত মে মাস পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা বিগত অর্থ-বছরের তুলনায় ১০ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত করেছে।পররাষ্ট্র ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ডা. জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া সফর সফলভাবে শেষ করে বর্তমানে চীনে অবস্থান করছেন। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের নতুন শ্রম কাঠামো গঠনের লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরিতে দুই দেশই ঐকমত্যে পৌঁছেছে।অবকাঠামো, গণমাধ্যম ও সাইবার সুরক্ষার বিষয়ে উপদেষ্টা জানান, ঢাকার বিদ্যুৎ চাহিদা টেকসইভাবে মেটাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ‘ঢাকা ৪০০ কেভি ট্রান্সমিশন রিং নেটওয়ার্ক’ নির্মাণের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। এছাড়া দেশে একটি স্বাধীন ‘জাতীয় গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে এবং ডিজিটাল সংযোগ বাড়াতে বিটিসিএল দেশজুড়ে ইতিমধ্যে ৯৭৭টি ওয়াইফাই হটস্পট চালু করেছে। একই সাথে সাইবার বুলিং ও নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাইবার অপরাধীদের আইনের আওতায় আনতে রাষ্ট্র নিজস্ব প্রাতিষ্ঠানিক মেকানিজম ব্যবহার করবে।উক্ত প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল