প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
চীনের উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ||
মালয়েশিয়ায় দুই দিনের অত্যন্ত সফল সরকারি সফর শেষে দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় পর্বে চীনের উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলন এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে তিনি এখন উত্তর-পূর্ব চীনের পথে রয়েছেন।আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার প্রধানমন্ত্রীকে বিদায় জানান।দালিয়ানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ চ্যাম্পিয়নসের ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বিশেষ শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত ২১ জুন কুয়ালালামপুর যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বন্ধ থাকা শ্রমবাজারের জটিলতা নিরসন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মালয়েশিয়া পর্ব শেষ করে চীনের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করাই এখন প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল