প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক ||
মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২২ জুন) কুয়ালালামপুরে রাজপ্রাসাদে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় নেতা গুরুত্বারোপ করেন।এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসাদ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহাদী আমিন। মালয়েশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামান।সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজার মাধ্যমে দেশটির জনগণের প্রতি বাংলাদেশের শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন। রাজা সুলতান ইব্রাহিমও বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের বন্ধুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপ্রধান পর্যায়ে এই সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা বিশেষ করে প্রবাসী কর্মীদের সুরক্ষা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল