প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
ইরানের বিরুদ্ধে আবারও চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তিনি তেহরানকে কার্যত অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকি দিয়েছেন। রোববার সকালে ফক্স নিউজে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করার কোনো চেষ্টা ইরান করলে তার পরিণাম হবে ভয়াবহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করার সাহস দেখালে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে এবং তাদের কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের দাবি, তেল পরিবহনের এই কৌশলগত পথে যুক্তরাষ্ট্র এখন থেকে ‘রক্ষাকর্তা’ বা অভিভাবকের ভূমিকা পালন করবে এবং প্রয়োজনে এখান থেকে টোল আদায়ের ব্যবস্থাও করবে।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি বলেন, ইরানি নেতাদের তাদের ভাষা ও আচরণ সংশোধন করতে হবে, অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে তাদের। সুইজারল্যান্ডে যখন দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সমঝোতা বৈঠকের প্রথম ধাপ চলছে, ঠিক সেই নাজুক মুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য আঞ্চলিক রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা ও হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধের যে ইঙ্গিত দিয়েছিল, তাতেই মূলত মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ হয়েছেন।ফক্স নিউজের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইতিমধ্যেই ইরানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন যে, তাদের প্রক্সিদের কর্মকাণ্ড যদি বন্ধ না হয় তবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহের চেয়েও বড় ধরনের হামলা চালাবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি একই কঠোর বার্তা দিয়েছেন। গত সপ্তাহের হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেছেন, ইরান যদি তার প্রক্সিদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত না হয়, তবে তাদের ওপর এমন এক ভয়াবহ আক্রমণ চালানো হবে যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনায় ব্যস্ত, তখন ট্রাম্পের এই হুমকি কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কৌশল ইরানকে কোণঠাসা করার পাশাপাশি বিশ্ববাজারে তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ওপর বাড়তি চাপ সৃষ্টির মাধ্যমে ট্রাম্প মূলত নিজের দৃঢ় অবস্থান জানান দিচ্ছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল