প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ স্লোগানে তিরানায় হাজারো মানুষের প্রতিবাদ
মোঃ রফিকুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সম্পৃক্ত একটি বিলাসবহুল রিসর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ার রাজধানী তিরানায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ স্লোগানে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন।শনিবার (২০ জুন) তিরানায় এ বিক্ষোভ হয়। এটি গত মে মাস থেকে চলা প্রতিবাদ আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় বলে জানিয়েছে আল জাজিরা। বিক্ষোভকারীরা আলবেনিয়ার পতাকা ও মার্কিন পতাকা উড়িয়ে লাল বেলুন উড়ান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনে ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ স্লোগান প্রজেক্ট করে।প্রতিবাদকারীরা আলবেনিয়ার উপকূলের সংরক্ষিত এলাকায় কুশনারের অর্থায়নে তৈরি হওয়া একটি হোটেল কমপ্লেক্সের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন। এই প্রকল্পটি পরিবেশগত উদ্বেগ ও স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। প্রকল্পটি ভজোসা-নার্তা সংরক্ষিত এলাকায় অবস্থিত, যা পরিযায়ী পাখি ও ফ্লেমিঙ্গোর প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত। বিক্ষোভকারীরা বলছেন, তারা উন্নয়নের বিরুদ্ধে নন, বরং প্রকল্প ঘিরে ‘অহংকার ও স্বচ্ছতার অভাবের’ বিরুদ্ধে। তিরানার এক শিক্ষার্থী আলমা বলেন, “আমরা দেশের উন্নয়নের বিপক্ষে নই; আমরা আমাদের জীবনকে প্রভাবিত করে এমন প্রকল্পগুলোর ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ও অহংকারের বিপক্ষে।প্রকল্পটির সঙ্গে জড়িত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার। কুশনার বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় বিশেষ দূত হিসেবে কাজ করছেন। তার এই ব্যবসায়িক প্রকল্প আলবেনিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।প্রধানমন্ত্রী এদি রামা প্রকল্পটির পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি দাবি করেন, এই বিতর্ক মূলত কুশনারের নাম ও ‘ট্রাম্পের ছায়া’ দ্বারা প্রভাবিত, প্রকল্পটি নিজেই নয়। তবে বিক্ষোভকারীরা বলছেন, রামার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।পরিবেশবাদী সংগঠনগুলি বলছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে সংরক্ষিত এলাকার বাস্তুসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, সরকার বলছে, প্রকল্পটি পর্যটন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী দিনে আন্দোলন আরও বেগবান হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল