প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তার অবস্থান শনাক্তে তৎপরতা শুরু
আকাশ মোল্লা, স্টাফ রিপোর্টার ||
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর চরম দমনপীড়ন, নির্বিচার গুলি এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ৫৭ জন পলাতক পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনতে জোরালো উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করতে এবং তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে এই ৫৭ জন কর্মকর্তা কর্মস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মগোপনে চলে যান। বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিরোধী মত দমনে অত্যন্ত সক্রিয় এবং ক্ষেত্রবিশেষে অতি উৎসাহী ভূমিকা পালন করেছিলেন। শুধু তাই নয়, জুলাই মাসে ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলন দমনে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া এবং নির্মম নির্যাতনের পেছনেও এদের অনেকের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। বিচার ও শাস্তির মুখোমুখি হওয়ার ভয়ে তারা কর্মস্থলে আর ফিরে আসেননি। এই তালিকায় রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম এবং ডিবিপ্রধান হারুন অর রশীদের মতো বিতর্কিত কর্মকর্তারা।ইতিমধ্যেই সাবেক দুই আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং একেএম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে, যারা বর্তমানে কারাগারের অন্তরালে রয়েছেন। এছাড়া অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান এবং ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীসহ অন্তত সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। তবে গোয়েন্দা তথ্যমতে, পলাতক সিংহভাগ কর্মকর্তা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। কিছু সংখ্যক কর্মকর্তা দেশেই গোপনে আত্মগোপন করে আছেন এবং পরিস্থিতির পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে সরকার এদের সবার বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে।পলাতক কর্মকর্তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপও জোরদার করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরকে ২৬ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তারের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। এই তালিকায় মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দ্দার এবং সৈয়দ নুরুল ইসলামের মতো আলোচিত ব্যক্তিদের নাম রয়েছে। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গুরুতর মামলা দায়ের করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল