প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
ইরানের চার ব্যাংকে সাইবার হামলা গ্রাহক তথ্য নিরাপদ দাবি কর্তৃপক্ষের
নিজস্ব প্রতিবেদক ||
ইরানের চারটি প্রধান বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে অনলাইন ব্যাংকিং সেবায় সাময়িক বিঘ্ন ঘটলেও গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বা আর্থিক ডেটা চুরি হয়নি বলে দাবি করেছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ।ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির অন্যতম চারটি ব্যাংক সাইবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ব্যাংকগুলো হলো ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান।কর্তৃপক্ষ জানায়, হামলাটি সরাসরি ব্যাংকগুলোর মূল সার্ভারে না হয়ে একটি সাধারণ যোগাযোগ অবকাঠামোর ওপর পরিচালিত হয়েছিল। এর ফলে কিছু সময়ের জন্য ডিজিটাল লেনদেন ও অনলাইন সেবা ব্যাহত হলেও বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।তাৎক্ষণিকভাবে আইটি ও সাইবার নিরাপত্তা দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নেটওয়ার্ক পুনরায় নিরাপদ করা হয়। বর্তমানে ডিজিটাল সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফেরানোর কাজ চলছে বলে জানানো হয়েছে।মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন অর্থনৈতিক ও অবকাঠামো খাতে সাইবার হামলার ঘটনা বাড়ছে। এর আগেও জ্বালানি ও সরকারি অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলার অভিযোগ ওঠে, যার পেছনে পশ্চিমা প্রতিপক্ষদের দায়ী করে থাকে তেহরান। তবে সাম্প্রতিক এই হামলার জন্য এখনো কোনো নির্দিষ্ট হ্যাকার গোষ্ঠী বা রাষ্ট্রকে দায়ী করা হয়নি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল