প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগ টানতে স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে একটি নির্ভরযোগ্য, গঠনমূলক ও সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল গন্তব্য হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শনিবার ঢাকার একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি কর্মপরিকল্পনা’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন।বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল চালিকাশক্তি হিসেবে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশই অগ্রাধিকার’ নীতিকে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।বক্তব্যে তিনি বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান জ্বালানি সংকটকে অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত করে জানান, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বৈশ্বিক ঝুঁকিগুলো সফলভাবে কাটিয়ে উঠতে অর্থনৈতিক কূটনীতির ওপর বিশেষ জোর দিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে সরকার একটি টেকসই, স্বচ্ছ এবং পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রথাগত খাতের বাইরে বেরিয়ে সরকার এখন দেশের অর্থনীতিকে বহুমুখী করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের মতো নতুন বৈশ্বিক ক্ষেত্রগুলোতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করে তোলা সম্ভব হবে। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিমালার আওতায় দেশের জাতীয় উন্নয়ন কর্মসূচিকে গতিশীল করতে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতির নতুন দিকগুলো এই সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সম্মেলনটি সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি অর্থবহ সংলাপের ক্ষেত্র তৈরি করবে।দিনব্যাপী এই সম্মেলনে তিনটি ভিন্ন অধিবেশনে বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নীতিগত দিক, বিনিয়োগ ও অর্থায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবননির্ভর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের এজেন্ডাকে এগিয়ে নেওয়াই এই সম্মেলনের মূল লক্ষ্য।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল